পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন কিম




উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরিয়া উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অটল প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে চীন।
গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কোরিয়া উপদ্বীপে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। কারণ, উত্তর কোরিয়া উত্তেজনা প্রশমন এবং প্রস্তাবিত আলোচনা সামনে আগানোর উদ্যোগ নিয়েছে।
কিম এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে লম্বা বিবৃতি পাঠিয়েছেন বলেও জানায় পররাষ্ট্রমন্ত্রণালয়। বিবৃতিতে কিম বলেন, “প্রয়াত প্রেসিডেন্ট কিম ইল সাং এবং প্রয়াত জেনারেল সেক্রেটারি কিম জং ইলের ইচ্ছা অনুযায়ী আমরা বরাবরই কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যদি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র শান্তি ফেরাতে আমাদের এই সদিচ্ছা, শান্তির পরিবেশ সৃষ্টি এবং আস্থাশীল আলোচনা চালানোর উদ্যোগে ইতিবাচকভাবে সাড়া দেয় তবেই কেবলমাত্র কোরীয় উপদ্বীপের সমস্যা সামধান সম্ভব।”
যদিও উত্তর কোরিয়ার রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে কিমের ওই প্রতিশ্রুতির বিষয়ে কিছু জানানো হয়নি।
চীনে চারদিনের বেসরকারি সফর শেষে বুধবার দেশে ফিরেছেন কিম। যদিও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কিম এ সফর করেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে গত দুই দিন ধরে কিমের চীন সফরে যাওয়ার আভাস দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত বুধবার চীন এবং উত্তর কোরিয়া উভয় দেশ থেকেই কিমের সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, রোববার কিম চীনে যান এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেন। যদিও কিমের চীন সফর অনানুষ্ঠানিক ছিল।
২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর এটিই কিমের প্রথম বিদেশ সফর। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যই চীনে গিয়েছিলেন কিম।