পর্তুগালে দ্বীপ ম্যাদেইরায় একটি পর্যটকবাহী বাস খাদে পরে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই জার্মান পর্যটক।
গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় পর্যটনের জন্য জনপ্রিয় এই দ্বীপে দুর্ঘটনাটি ঘটে।
সংকীর্ণ ঢালু সড়কে মোড় নেওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বাসটি সরু একটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা রয়েছেন।
স্থানীয় মেয়র ফিলিপ সোসা বলেন, কী ঘটেছে, তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। এই মর্মবেদনা সহ্য করার মতো নয়। বাসটিতে যে পর্যটকেরা ছিলেন, তাঁরা সবাই জার্মানির নাগরিক। এই দুর্ঘটনায় পথচারীরাও আঘাত পেয়েছেন।

