পর্ন তারকাকে দেয়া অর্থের হিসাব দিলেন ট্রাম্প




পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসকে অর্থ দেওয়া আইনজীবী মাইকেল কোহেনকে পরিশোধ করা অর্থের হিসাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্যা অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, মিস্টার ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি দিতে হয়েছে। এ সংক্রান্ত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, তিনি আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে। যদিও ট্রাম্প এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়ার বিষয়টি স্বীকারই করেননি।
এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ বলছেন স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে। যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকস এর প্রধান ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।
স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরির করতে পারে, এমন শংকা ছিলো। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারতো। কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।
স্টর্মি ডানিয়েলসের দাবি, ২০০৬ সালে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প।
কিন্ত ডানিয়েলস যাতে বিষয়টি নিয়ে মুখ না খোলেন সেজন্যই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ডানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন।
কোহেন এরই মধ্যে ডানিয়েলসকে ওই অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। ট্রাম্প এ অর্থই পরে কোহেনকে পরিশোধ করেছেন বলে কয়েক মাস আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তার আইনী টিমের নতুন সদস্য রুডি গিউলিয়ানি।
গিউলিয়ানি বলেন, ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ‘মিথ্যা ও জবরদস্তি অভিযোগ’ ধামাচাপা দিতেই ওই লেনদেন হয়েছিল।
স্টর্মি ডানিয়েলসকে দেওয়া কোহেনের অর্থের বিষয়ে কিছুই জানতেন না বলে প্রথমে দাবি করলেও পরে ওই অর্থ পরিশোধের কথা স্বীকার করে নেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ট্রাম্প এবার ২০১৬ সালের ব্যয় বাবদ কোহেনকে পরিশোধ করা অর্থের হিসাব প্রকাশ করলেন।
ট্রাম্পের প্রকাশ করা নথিতে ২০১৭ সালে বিভিন্ন ভাড়া, লাইসেন্স, বই ও টেলিভিশনের রয়ালিটি, কোম্পানি শেয়ার, হোটেল ও গল্ফ কোর্সের ব্যবস্থাপনা ফি এবং ভারত থেকে দুবাই পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার সুদবাবদ আয়ের তথ্যও আছে বলে জানিয়েছে বিবিসি।