বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটনের লক্ষ্য কেবল অর্থনৈতিক উন্নতি নয়, বরং এটি নির্মল পরিবেশ, নিরাপত্তা, পারিবারিক আনন্দ এবং সামগ্রিক সম্প্রীতির বার্তা ছড়ায়। একসঙ্গে ভ্রমণ পরিবার, সমাজ ও রাষ্ট্রে ঐক্য বাড়ায় এবং জীবনকে নতুন রূপ দেয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিদেশি দূতাবাসের প্রতিনিধি, পর্যটন সংস্থার কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটন মন্ত্রণালয় পর্যটকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করেছে, যাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় নির্মল পরিবেশ, পারিবারিক পরিবেশ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটানো হবে। এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনের শুরুতে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি পর্যটন ভবন থেকে শুরু হয়ে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি সঙ্গীত কলেজ এবং পাবলিক সার্ভিস কমিশন প্রদক্ষিণ করে আবার পর্যটন ভবনে ফিরে আসে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাইকেল র্যালি, শহর ভ্রমণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

