এবছর দেশে চা চাষের উপযোগী পরিমিত বৃষ্টিপাত হয়েছে। বাগানগুলো থেকে নিলামে পর্যাপ্ত ও ভালো মানের চা সরবরাহ হয়েছে। যার ফলে বিশ্লেষকরা ধারণা করেছিলেন পণ্যটির দাম কমবে। তবে নিলামে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও ঊর্ধ্বমুখী রয়েছে চায়ের দাম।
মূলত আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ফলে দেশীয় বাজার থেকে চা সংগ্রহে ঝুঁকেছে বড় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো। এ কারণেই পণ্যটির দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চা নিলাম প্রতিবেদন অনুসারে জানা গেছে, চলতি বছর নিলামে রেকর্ড পরিমাণ চা সরবরাহ হয়েছে। এর পরিমাণ ছিল আগের বছরের তুলনায় প্রায় ৩ লাখ কেজি বেশি। বাড়তি সরবরাহও পণ্যটির দাম কমাতে পারেনি। সর্বশেষ কয়েকটি নিলামে প্রতি কেজি চায়ের দাম বেড়েছে গড়ে ১০ টাকা। এ সময় প্রতি কেজি চা বিক্রি হয়েছে ২২০ টাকা দরে।
আগের বছরের একই নিলামে পণ্যটির সরবরাহ বেশ কম ছিল। সে সময় প্রতি কেজি চা বিক্রি হয়েছিল ২১১ টাকায়। খাত-সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের রোজার পর নিলামে চা সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ সময় চা বিক্রির পরিমাণও বেড়েছে। সব শেষের কয়েকটি নিলামে সরবরাহ করা চায়ের ৮৫-৯০ শতাংশই বিক্রি হয়েছে। আমদানি শুল্ক বাড়ানোর পর খাত-সংশ্লিষ্ট বড় বড় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো দেশের বাজার থেকে তুলনামূলক কম দামে চা সংগ্রহে আগ্রহী হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। একদিকে পণ্যটির বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দামও।
বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএ) প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই অনুষ্ঠিত বছরের ১২তম নিলামে প্রতি কেজি চা ২১৮ টাকা দরে বিক্রি হয়; যা আগের নিলামের তুলনায় ৫ টাকা কম। তবে আগের বছরের একই নিলামের তুলনায় এবারের নিলামে প্রতি কেজি চা ১০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে। আগের বছরের একই নিলামের তুলনায় ১৮ জুলাইয়ের নিলামে পণ্যটির সরবরাহের পরিমাণ ৩ লাখ ৯ হাজার কেজির বেশি কমেছে। গত বছরের একই নিলামে সরবরাহ করা হয়েছিল নিলামে ২০ লাখ ৮ হাজার ৭৬৬ কেজি চা। চলতি বছরের ১১ ও ১২তম নিলাম শেষে সরবরাহ করা চায়ের যথাক্রমে ৯৫ ও ৮৫ শতাংশই কিনে নিয়েছেন নিলামে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।
বিটিটিএ জানায়, সর্বশেষ নিলামে (১২তম) ৪২ হাজার ২৭৫ লটে ২৩ লাখ ১৭ হাজার ৪৯৮ কেজি চা বিক্রির জন্য সরবরাহ করা হয়। এর মধ্যে ৩৬ হাজার ১২ লটে ১৯ লাখ ৭৩ হাজার ৫১০ কেজি দানাদার চা এবং ৬ হাজার ২৬৩ লটে ৩ লাখ ৪৩ হাজার ৯৮৮ কেজি গুঁড়া চা। এর মধ্যে মধুপুর বাগানের ১০ লট চা সর্বোচ্চ ৩৩১ টাকা কেজি দরে বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া চায়ের শীর্ষ দশের আটটিই ছিল মধুপুর বাগানের চা। গুণগত মান ভালো হওয়ায় এখানকার চা কিনতে ক্রেতাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এছাড়াও গাজীপুরের বাগানের ১০ লট চা ২৫৬ টাকা এবং রাজঘাট বাগানের ১০ লট চা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়।
চা বোর্ড জানায়, এবারের জাতীয় বাজেটে পণ্যটির আমদানির ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করেছে সরকার। আগে চা আমদানির ক্ষেত্রে প্রতি কেজির বিপরীতে ১ ডলার ৬০ সেন্ট ট্যারিফ মূল্য দিতে হতো আমদানিকারকদের। বাজেটে এর পরিমাণ বাড়িয়ে ধরা হয়েছে ২ ডলার ৫০ সেন্ট। এছাড়াও চা আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফলে জুনের শুরু থেকেই দেশে উৎপাদিত চায়ের চাহিদা বেড়েছে। এর ফলে পণ্যটির দামও বাড়তে থাকে। ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পরের নিলামে পণ্যটির দাম বাড়ে প্রতি কেজিতে ১৬ টাকা। এর পর প্রতিটি নিলামেই ধারাবাহিকভাবে চায়ের দাম বেড়েছে। চলতি বছরের চতুর্থ নিলামে যেখানে চায়ের দাম ছিল প্রতি কেজি ১৭৯ টাকা, সেখানে ১২তম নিলামে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ২২০ টাকা। সামনের নিলামগুলোতেও পণ্যটির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছেন খাত-সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে বিটিটিএর সাবেক সহসভাপতি আবদুল হাই বণিক বার্তাকে জানান, আমদানি শুল্ক বাড়ানোর ফলে দেশের বড় বড় ব্র্র্যান্ড চা আমদানির আগ্রহ হারিয়েছে। এখন দেশের বাজার থেকেই পণ্যটি কিনতে চায় তারা। কেননা এর ফলে পণ্যটির দাম পড়বে তুলনামূলক কম। অন্যদিকে উৎপাদন খরচ কমে লাভ বেশি হবে। বড় ব্র্যান্ডগুলো নিলামে চা কেনা বাড়িয়ে দেয়ায় বাজারে পণ্যটির দামও ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমদানিতে শুল্ক কমানো না হলে চায়ের দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।
বাজার-সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে ২০১৬ সালে প্রায় সাড়ে ৮ কোটি কেজি চা উৎপাদন হয়েছে। এ সময় চায়ের চাহিদা ছিল ৮ কোটি ২০ লাখ কেজি। ফলে বাড়তি চা রফতানি হয়েছে।
চাহিদার চেয়ে বেশি চা মজুদ না থাকলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে আমদানির ওপর নির্ভরশীল হওয়া ছাড়া উপায় থাকে না। দেশীয় বাগান মালিকরা মানসম্পন্ন ও অধিক পরিমাণে চা উৎপাদনে মনোযোগী না হলেও চা খাতের সুরক্ষার নামে শুল্ক বাড়ানোর ফলে নিত্যপণ্যটির বাজার ক্রমাগত অস্থির হয়ে পড়বে। নিলামে চায়ের দাম বাড়লে এর অতিরিক্ত মূল্য সরাসরি ভোক্তার ওপরই পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন বাজার-সংশ্লিষ্টরা।
