পল্টনের মোড় যেন 'চোরদের আখড়া'




সাকিব আহমেদ
কয়েক দিন আগের ঘটনা, মতিঝিল থেকে ধানমন্ডির আড়ং’এ যাচ্ছিলাম। তো সেই উদ্দেশ্যে উঠলাম গাবতলীর আট নম্বর বাসে। পল্টনের মোড় আসতেই জ্যাম। আমার পাশে জানালার ধাঁরে এক ছেলে বসেছিল। সম্ভবত কোনো ভার্সিটির ছাত্র। তার হাতে ছিল একটি স্মার্টফোন। জ্যামে বসে থাকার সময় হঠাৎ করে একটি হাত তার সেই মুঠোফোন ধরে টান মারে। তবে সেই ছেলেটি সচেতন থাকার কারণে সেই ফোন নেওয়া সম্ভব হয়নি।
আজও সেই পল্টনের মোড় দিয়ে আসছিলাম। তবে গন্তব্য উল্টো। গুলিস্তানে যাওয়ার সময় পল্টনের চিরচেনা জ্যামে বসেছিল বাস। আমার থেকে কিছুটা দূরে একজন আঙ্কেল বসেছিলেন জানালার ধাঁরে। হঠাৎ বাসের মধ্যে হইচই। কিছুটা উত্তপ্ত হয়েই কথা বলছিল বাসের সবাই। তাঁর কথা থেকে জানতে পারলাম, একটি হাত এসে তাঁর ফোন ধরে টান দিয়েছিল। তবে নিতে পারেনি।
তিনি জানান , ‘এই জায়গায় প্রায় এমন ঘটনা ঘটে জানতাম। তাই দুই হাত দিয়ে ফোন ধরেছিলাম বলেই ফোন নিতে পারেনি। আমি তাকে দেখেছিলাম আসতে। হঠাৎ করেই ফোনটা টান দিয়েছিল বলে তাকে ধরতে পারিনি।’
তিনি আরো বলেন যে, তিনি তাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু হাত ফসকে পালিয়ে যায়।
তারও বেশ কিছুদিন আগে সেই পল্টন মোড়ে আরেকটি ঘটনা চোখের সামনে ঘটেছিল। একজন ভার্সিটি পড়ুয়া মেয়ের গলার চেইন ধরে পালিয়ে যায় একটি ছিঁচকে চোর। চেইনটি টানার সময় চেইনের আঁচড় লেগে গলার বেশ খানিকটা অংশ কেটে যায়।
পল্টনের মোড়ে প্রায়শই ঘটে এমন ঘটনা। আজকের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি প্রায়ই এমন ঘটনা ঘটতে দেখেন। তিনি পেপারস লাইফকে জানান, ‘আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমার অফিসে যেতে হলে এখান দিয়েই যেতে হয়। বেশিরভাগ সময়ই এমন ঘটনা এখানে ঘটে। ইদানিং বেশি করে ঘটছে এমন ঘটনা।’
তিনি আরো বলেন, ‘দুইদিন আগে আমার সামনের একজনের ফোন ছিনতাই করে নিয়ে গেছে। আশেপাশে অনেক রিকশাওয়ালা ছিল কিন্তু কেউ ধরার চেষ্টা করেনি।’ তিনি সহ আরো অনেকের মতে এ ব্যাপারে সচেতন হতে হবে সবাইকে। পল্টনের মোড় ছাড়াও বিভিন্ন ব্যস্ততম ভিড় এলাকাগুলোতে বেড়ে চলেছেই এমন ঘটনা।
আজ আপনার সাথেও ঘটতে পারে এমন ঘটনা। আপনার মূল্যবান সম্পদ হারিয়ে যেতে পারে কিংবা আহত হতে পারেন আপনিও। তাই আপনি সচেতন হউন, অন্যকে সচেতন করুন। কে বলতে পারে কাল আপনিও হয়ত হতে পারেন ভুক্তভুগি। সুযোগ থাকলে তাদের ধরিয়ে দিন। তাহলে আপনি অথবা আপনার কাছের মানুষ বাঁচতে পারে এমন অপ্রীতিকর ঘটনা থেকে।