এবার দেশে করোনা সংক্রমণের কারণে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে বলেন, করোনার কারণে যতটা সম্ভব জনসমাগম পরিহার করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পহেলা বৈশাখের অনুষ্ঠান এবার হবে না।
এ বিষয়ে, বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এ চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ বা এ সময়ে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ) স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

