করোনাভাইরাস প্রতিরোধে যেখানে দেশ লকডাউন, সেখানে বেশ কিছু বিদেশি পর্যটক ঘুরে ফিরে বেড়াচ্ছে। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে।
লকডাউন অমান্য করায় শাস্তিও পেয়েছেন তারা। কি সেই শাস্তি? শাস্তিস্বরূপ ৫শ বার ‘সরি’লিখতে হয়েছে তাদের। এই শাস্তির মাধ্যমে মুক্তি পেয়েছেন ১০ জন বিদেশি পর্যটক।
জানা যায়, লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখণ্ডের তপোবন এলাকায় গঙ্গার তীরে গিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার তীর ধরে হাঁটছিলেন তারা। এসময় তাদের পথ আগলে দাঁড়ান কয়েকজন পুলিশ।
পুলিশ সদস্যরা প্রথমে তাদের লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলী বোঝান। তারপর নিয়ম ভাঙার কারণে শাস্তি দেন। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫শ বার লিখতে হয়, ‘আমরা লকডাউনের নিয়ম মানিনি। সে জন্য খুবই দুঃখিত।’
স্থানীয় থানার এক কর্মকর্তা বলেন, ‘পর্যটকরা অনেক দিন ধরেই হৃষিকেশে আছেন। লকডাউন শুরু হওয়ায় দেশে ফিরতে পারেননি। কিন্তু যেখানে-সেখানে ঘুরে বেড়ানো তো ঠিক নয়। সে গুরুত্ব বোঝাতেই তাদের ৫শ বার ‘সরি’ লিখতে বলা হয়।’

