বিনোদন প্রতিবেদক
একটি ছেলে তার প্রেমিকার ক্ষেত্রে কোন ভুল করলে কিংবা অফিসে কোন ভুল করলে বারবার সরি শব্দটি ব্যবহার করে। সরি শব্দটি ছেলেটি এতো বেশি ব্যবহার করে যে তার আশেপাশের সবাই খুব বিরক্ত হয়।
একসময় তার প্রেমিকা ছেলেটিকে শর্ত দেয় দু’দিন সরি শব্দটি যেন সে না ব্যবহার করে। যদি তা সে করতে পারে তবে মেয়েটি ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্কের ধারাবাহিকতা রাখবে। কিন্তু তা করতে গিয়ে ছেলেটি সরি না বলার কারণে চাকরী হারায়। এগিয়ে যায় গল্প।
এমনই গল্প নিয়ে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য শেখ সেলিম নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘উইদাউট সরি লাভ’।
নাটকটির গল্প প্রসঙ্গে শেখ সেলিম বলেন,‘ সরি শব্দটি আমরা কারণে অকারণে ছোট বড় ভুলে অনেক বেশি ব্যবহার করি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ এই নাটকের গল্পে বেশ নতুনত্ব পেয়েছি। যে কারণে কাজটিও বেশ উপভোগ করেছি আমি। তাছাড়া এর আগেও শেখ সেলিমের নির্দেশনায় অভিনয় করেছি। বেশ যতœ নিয়ে সেলিম নির্মাণ করার চেষ্টা করেন।’
নাটকে অপূর্ব’র বিপরীতে অভিনয় করেছেন আজমেরী আশা। আশা বলেন,‘ দীঘদিন পর অপূর্ব ভাইয়ার সঙ্গে নাটকে অভিনয় করেছি। তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তাছাড়া তার কাছ থেকে অভিনয়ের নানান কিছু শেখাও যায়। যতোবারই তারসঙ্গে অভিনয় করি, ততোবারই তার কাছ থেকে নতুন কিছু শিখি আমি। ধন্যবাদ সেলিম ভাইকে একটি ভালো গল্পের নাটকে আমাকে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’
উল্লেখ্য পাঁচ বছর আগে অপূর্ব ও আশা বিইউ শুভ’র নির্দেশনায় ‘সময়ের স্বপ্ন অসময়ের গল্প’ নাটকে প্রথম অভিনয় করেন। এ নাটকের পর তারা দু’জন আর একসঙ্গে কাজ করেননি। দীর্ঘ বিরতির পরই শেখ সেলিমের নির্দেশনায় ‘উইদাউট সরি লাভ’এ অভিনয় করলেন অপূর্ব আশা।
এদিকে অপূর্ব অভিনীত নতুন ধারাবাহিক নাটক সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শেকল’ এনটিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়া শিগগিরই মাছরাঙ্গা টিভিতে প্রচারে আসবে তার অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক নাটকটি। আশা এরইমধ্যে শেষ করেছেন শহীদ উন নবী’র নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘গান পাগল’র কাজ।
