পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার সেনাক্যাম্পে সেনাবাহিনীর একটি ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন। নিহত সৈন্যদের মধ্যে এক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ডন নিউজ। তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনায় আরো ১৩ সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ঘাঁটিটির ‘স্পোর্টস এরিয়ায় আত্মঘাতী হামলাটি’ চালানো হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “ওই সন্ধ্যায় সামরিক ঘাঁটির বাইরে ভলিবল খেলছিল সৈন্যরা, এ সময় এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।”
খেলাটি বেসামরিক লোকজনও দেখছিল এবং সেখানে অনেক লোক থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, “খোদার ইচ্ছায় তেহরিক ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা করো, আরো হামলা আসছে।”
পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল।
