পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হয়েছেন।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই পাকিস্তান মুসলিম লিগের এই নেতা ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয়।
লাহোর বিমানবন্দরে গ্রেপ্তারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে হেলিকপ্টারে করে ইসলামাবাদে নেওয়া হয়। ইসলামাবাদ থেকে তাঁদের রাওয়ালপিন্ডির রিয়ালের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নওয়াজ ও মরিয়মকে আপাতত আদালতেও হাজির করা হচ্ছে না। দুর্নীতি বিরোধী আদালতের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট সাব জেলে গিয়ে পরোয়ানা তামিলের আনুষ্ঠানিকতা সারবেন।
এদিকে নওয়াজের দেশে ফেরার খবরে তার দল পিএমএল-এন এর বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে লাহোরের রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য।
পিএমএল-এন এর বর্তমান সভাপতি শাহবাজ শরিফ একটি কভার্ড ভ্যানের ওপরে চড়ে বিমানবন্দরের পথে ওই মিছিলের নেতৃত্ব দেন। মিছিল থেকে স্লোগান শোনা যায়- ‘আমাদের ঠেকাও যদি পারো’।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। আদালতের রায় ঘোষণার সময় নওয়াজ ও মরিয়ম লন্ডনে অবস্থান করছিলেন।
আদালত নওয়াজ-মরিয়মের সঙ্গে ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেন। সফদার হলেন মরিয়মের স্বামী। পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট ওই রায় দেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে। ক্যাপ্টেন সফদার গ্রেপ্তার হয়ে এখন কারাগারে।
