পাট খাতে গুরুত্বপূর্ণ অবদান স্বরূপ আগামীকাল শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।
৫ই মার্চ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগানে ৬ মার্চ চতুর্থ বারের মতো জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।
মন্ত্রী জানান, এবছর পাট ক্ষেত্রের ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা বিজ্ঞানী বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদুল ইসলাম, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. শাহারুন আলম সান্টু (কুষ্টিয়া), সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আরিফ শেখ (ফরিদপুর), পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল আলীজান জুটমিলস লিমিটেড, পাটজাত পণ্য রফতারিকারক সেরা প্রতিষ্ঠান নওয়াপাড়া জুট মিলস লিমিটেড, পাটের সুতা রফতানিকারক সেরা পাটকল আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পিনার্স লিমিটেড, বহুমুখি পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল জনতা জুট মিলস, বহুমুখি পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ক্রিয়েশান প্রাইভেট লিমিটেড, বহুমুখি পাটজাত পণ্যের সেরা মহিলা উদ্যোক্তা বেগম কহিনূর ইয়াসমিন, বহুমুখি পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা তৌহিদ বিন আবদুস সালাম।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য বিশ্বের ৫২টি দেশে রফতানি হচ্ছে। ২০১৯ সালে ৬১৬ মিলিয়ন মর্কিন ডলার মূল্যের পাট ও পাটজাত পণ্য রফতানি করা হয়েছে।’

