‘পারমাণবিক বোমার বোতাম আমার টেবিলে’




উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, ‘আমার কার্যালয়ের টেবিলে সব সময় পরমাণু অস্ত্রের বোতাম রাখা থাকে। আর এটা হুমকি নয়, বাস্তবতা—এটা খুব ভালোভাবে বুঝে নিয়ে তাদের সতর্ক হওয়া উচিত।’
আজ সোমবার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কিম এসব কথা বলেন। এর মধ্য দিয়ে একই সঙ্গে হুমকি আর শান্তির বার্তা দিয়ে নতুন বছর শুরু করেছেন উত্তর কোরিয়ার নেতা।
ভাষণে কিম বলেন, ‘যুক্তরাষ্ট্রের মূল ভূমির পুরোটাই আমাদের পারমাণবিক অস্ত্রের আওতায় রয়েছে। আমার কার্যালয়ের টেবিলে সব সময় পরমাণু অস্ত্রের বোতাম রাখা থাকে। আর এটা হুমকি নয়, বাস্তবতা—এটা খুব ভালোভাবে বুঝে নিয়ে তাদের সতর্ক হওয়া উচিত।’
কিম বলেন, পুরো যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে; আর এটা সত্যি, ফালতু হুমকি নয়। আর দক্ষিণের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার আগ্রহ বোঝাতে কিম বলেছেন, তার দেশ হয়ত সিউলে আসন্ন উইন্টার অলিম্পিকে একটা দলও পাঠাতে পারে।
এই নেতা বলেন, ‘উত্তর কোরিয়া “শান্তির সপক্ষে থাকা পারমাণবিক শক্তির অধিকারী দেশ”। এ দেশের ওপর সরাসরি হামলা না হলে আমরা আমাদের পারমাণবিক শক্তি প্রয়োগ করব না। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রকৌশল নিয়ে গবেষণার জন্য আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্রের ব্যাপক উৎপাদন দরকার। এর ক্ষমতা ও নির্ভরযোগ্যতা এর মধ্যে নিশ্চিত হয়েছে।’
এদিকে কিম জং-উনের এ বক্তব্যকে ‘স্রেফ বাগাড়ম্বর ছাড়া কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা কর্মসূচিবিষয়ক প্রতিষ্ঠান লয়ি ইনস্টিটিউটের পরিচালক ইয়ান গ্রাহাম। তিনি বলেন, ‘তাঁর এমন কথা আগেও যে শুনিনি তা নয়। এভাবে তিনি (কিম জং-উন) সবাইকে বোঝাতে চান, এ ক্ষেত্রে তিনিই একমাত্র দায়িত্বে থাকা ব্যক্তি ও নিয়ন্ত্রক।
গত বছরের শেষ প্রান্তে পিয়ংইয়ং যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে ধারণা করছেন পর্যবেক্ষকরাও। ফলে রাজনৈতিকভাবে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার এই দেশটিকে নতুন নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হয়েছে।