পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু


paperslife

তিন শিশুর মৃত্যু হল পুকুরে ডুবে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গোলখালী ও পানপট্টি ইউনিয়নে। নিহত শিশুরা হল- সিফাত (৬), শাহরিয়ার (৭) ও মৌসুমি (৬)।

এর মধ্যে সিফাত গোলখালী ইউনিউনের গাবুয়া গ্রামের শাহীন মেলকারের ছেলে এবং শাহরিয়ার একই গ্রামের আবুল প্যাদার ছেলে। মৌসুমি পানপট্টি ইউনিয়নের পানপট্টি গ্রামের মো. শাহ জামালের মেয়ে।

পরিবার থেকে জানায়, পুকুরপাড়ে খেলা করছিল শাহরিয়া ও সিফাত। এ সময় পা ফসকে প্রথমে সিফাত পুকুরে পড়ে যায়। পরে সিফাতকে বাঁচাতে শাহরিয়ার এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়।

অনেক্ষন শিশুদের দেখতে না পেয়ে দুই বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। পরে পুকুরে তাদের ভাসতে দেখে। শিশু দুটিকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পানপট্টি ইউনিয়নের শিশু মৌসুমি খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে মৌসুমিকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মৌসুমির মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।