যান্ত্রিকতা এবার ঢুকতে চাইছে আপনার শোবার ঘরে। আপনি ঠিক কতখানি ‘পুরুষ’, জানতে পারবেন নিমেষে। কতখানি তৃপ্ত আপনার সঙ্গিনী, তা-ও বলে দেবে যন্ত্র। ফোন, ঘড়ি তো ছিলই, এ বার ‘স্মার্ট’ কনডমও।
আজব এই যন্ত্রটির নাম ‘আই.কন’। দাম পড়বে ৮০ ডলারের মতো। আদতে এটি একটি কনডম।
অবশ্য কনডমের আসল কাজ, অর্থাৎ গর্ভনিরোধ এতে সম্ভব নয়। প্রথাগত কনডম ব্যবহার করতেই হবে। তা হলে, লাভ কী? এটা কি শুধুই অলঙ্কার গোছের কিছু!
‘আই.কন’-এর গুণগান গাইতে গিয়ে সংস্থাটি জানিয়েছে, এতে ধরা পড়বে যৌনমিলনের যাবতীয় খুঁটিনাটি। মিলনের সময়কাল, গতি, তৎকালীন শক্তিক্ষয়— সবটাই।
আদতে এই কনডম রিংয়ের মত একটা ডিভাইস। এর কার্যকারিতা বুঝতে যন্ত্রটিকে স্মার্ট ফোনের সঙ্গে জুড়তে হবে। ভায়া ব্লু-টুথ। ‘আই.কন’ আকারে আংটির মতো। এক ঝলকে ‘সেক্স-টয়’ মনে হলেও এর মধ্যে রয়েছে ন্যানো-চিপ, এমনকী মাইক্রো ইউএসবি পোর্টও। অর্থাৎ, এটি রিচার্জ করা যাবে। আর এক বার চার্জ হয় গেলে তার আয়ু ফুরোতে ফুরোতে অন্তত ৮ ঘণ্টা। রিংটির মাপ বাড়ানো-কমানো যাবে। ওয়ারেন্টি থাকবে পাক্কা এক বছরের।
ব্যবহারিক প্রয়োগের কথা মাথায় রেখেই এটিকে হাল্কা এবং ওয়াটার-প্রুফ করে বানানো হয়েছে। বাজারে ছা়ড়ার আগে এখন আই.কন-এর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। তবু এরই মধ্যে লাখ-খানেক বুকিং হয়ে গিয়েছে। মিলনের সময় কোনও সংক্রমণ ছড়াল কি না, তা-ও বলে দেবে এই যন্ত্র। অর্থাৎ সুস্থ যৌন জীবনযাপনের ক্ষেত্রেও এর ব্যবহার অপরিহার্য হয়ে উঠবে।
তবে অনেকই জানতে চাইছেন, একান্ত ব্যক্তিগত মুহূর্তের এ সব তথ্য ভবিষ্যতে কোনও বিপদ বা সাংসারিক অশান্তি ডেকে আনবে না তো?
প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক ভাবে এই কন্ডোম-রিং ব্যবহারকারীর তথ্য তাঁর পরিচয় গোপন করেই সংরক্ষিত হবে। তবে ‘অত্যুৎসাহী’ কোনও পুরুষ তা চাইলে নিজের সঙ্গিনীকে জানাতে পারেন। বাধা নেই বন্ধুমহল, এমনকী গোটা বিশ্বের কাছে ঢাক পেটাতেও।
আরও পড়ুন; হ্যাকারদের ১ লাখ ডলার দিয়েছে উবার
মালয়েশিয়ার সব মোবাইলের ডেটা হ্যাক
৭১ কোটি ইমেল আইডি হ্যাকারদের কবলে
বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ফের হ্যাকের শিকার ‘এইচবিও’
