অবশেষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। জমকালো আয়োজনে খুলনা ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জাতীয় দলের এই ক্রিকেটার।
জানা গেছে, প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ও লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

দুপুরে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার-পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ সম্পন্ন হয় সৌম্য সরকারের।
সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা। ২০১৪ সালের ১ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে জাতীয় ক্রিকেট দলের এ ওপেনারের।
সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার জানান, সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে বুধবার(২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় সৌম্য সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে।

