ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজের বাড়তি রফতানিমূল্য কমানো হয়েছে। ফলে গতকাল নতুন রফতানিমূল্যের আওতায় দেশটি থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী ও আমদানিকারকরা। এর জের ধরে স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে সর্বোচ্চ ৪ টাকা কমেছে।
স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, গত বর্ষায় বন্যার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়ে ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। রফতানি নিরুত্সাহিত করে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্যটির ন্যূনতম রফতানিমূল্য (এমইপি) বাড়িয়ে টনপ্রতি ৮৫২ ডলার নির্ধারণ করে ভারত সরকার। শনিবার দেশটির পক্ষ থেকে পেঁয়াজের রফতানিমূল্য ১৫০ ডলার কমানো হয়। গতকাল থেকে নতুন নির্ধারিত টনপ্রতি ৭০২ ডলার এমইপির আওতায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন হিলির আমদানিকারকরা।
ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পেঁয়াজের নতুন এমইপি শনিবার থেকে কার্যকর হয়েছে। তবে সেদিন ব্যাংক বন্ধ থাকায় স্থানীয় আমদানিকারকরা নতুন এমইপির বিপরীতে এলসি খুলতে পারেননি। এ কারণে গতকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন এমইপির আওতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাড়তি রফতানিমূল্যের আওতায় আগেই খোলা এলসিগুলো সংশোধনের মাধ্যমে নতুন এমইপির আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
ভারত পেঁয়াজের এমইপি কমানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। দাম কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের। গতকাল হিলি স্থলবন্দরে পেঁয়াজের আড়তগুলো ঘুরে পাইকারি পর্যায়ে (ট্রাক সেল) ভারতের ইন্দোর ও নাসিক থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪২-৪৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও এসব জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৪৬-৪৮ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ৪ টাকা কমেছে।
