পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা




হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বছরের শুরুতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল। বর্তমানে দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হয়ে আসায় তিনদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে দেশে উৎপাদিত নতুন মৌসুমের পেঁয়াজের দামও।
গতকাল স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) ভারতের নাসিক থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় মানভেদে ৫০-৫২ টাকায়। তিনদিন আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৫৫-৫৬ টাকা। সেই হিসাবে, পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে।
অন্যদিকে তিনদিনের ব্যবধানে ভারতের ইন্দোর থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দামও সর্বোচ্চ ৫ টাকা কমেছে। গতকাল পণ্যটি বিক্রি হয় কেজিপ্রতি ৪৭-৪৮ টাকায়। তিনদিন আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৫২-৫৩ টাকা। একইভাবে গতকাল হিলির পাইকারি বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিনদিন আগেও এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল মানভেদে কেজিপ্রতি ৬০-৭০ টাকায়। বর্তমানে পণ্যটির দাম কেজিপ্রতি ৫০ টাকায় নেমে এসেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ২০১৭ সালের শেষদিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় অনেক আমদানিকারক এলসি খুলতে পারেননি। ফলে ভারত থেকে পণ্যটির আমদানি ব্যাহত হয়ে দাম বেড়ে যায়। নতুন বছরের শুরুতে আমদানি স্বাভাবিক হয়ে এসেছে। একই সঙ্গে বাজারে দেশে উৎপাদিত নতুন মৌসুমের পেঁয়াজের সরবরাহও আগের তুলনায় বেড়েছে।