প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার সফরকালে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হবে।
আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পোপের সফর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আইজিপি বলেন, পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানীয় ব্যক্তি। তার বাংলাদেশ সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। পোপের সফরকালে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, সফরের সব ভেন্যু এবং ভিভিআইপি গমনাগমনকালে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন থাকবে।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি (ইন্টারনাল অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান পোপের সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস। ২ ডিসেম্বর পর্যন্ত এই সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে পৌরহিত্য করবেন পোপ। ওই অনুষ্ঠানে ষোলজন ডিকনকে ধর্মযাজক পদে অভিষিক্ত করবেন তিনি। বাংলাদেশে আসার আগে মঙ্গলবার এক ভিডিও বার্তায় এদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
