পৃথিবীতে কোমল ত্বকে আসলেও মানুষের হিংস্রতার আগুনে পোড়া শরীর নিয়ে জন্মভূমি ফেনীর সোনাগাজীতে চিরনিদ্রায় শায়িত হলেন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান। পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে রাফিকে সমাহিত করা হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নুসরাতে বাবা এ কেএম মুসা।
এর আগে বিকাল সাড়ে পাঁচটায় গ্রামের বাড়িতে পৌঁছায় নিথর নুসরাতের লাশবাহী গাড়ি। বুধবার রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, শনিবার সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে নুসরাতকে বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে যান তার বড় ভাই। তাকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে ভাই বাড়ি যান।
পরীক্ষা শুরুর আগে মাদ্রাসায় কয়েকজন শিক্ষার্থী তাকে মাদ্রাসার ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

