প্রকৃত সংখ্যা অপ্রকাশিত, চীনে মারা গেছে প্রায় ৫০ হাজার : ওয়াশিংটন পোস্ট


corona deaths china #paperslife

কোভিড-১৯’ এ মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা গোপন করেছে চীন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫০ হাজার মানুষ, দাবি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’-এর।

শনিবার ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে চীনের সাময়িকী ‘ক্যাক্সিন’-এর তথ্য উদ্ধৃত করে বলা হয়, উহানের হানকাউ নামের একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘণ্টা ধরে মৃতদেহ সৎকার হয়েছে। মাত্র দুদিনে সেখানে ৫ হাজার মানুষের মরদেহ পোড়ানো হয়।

অনলাইনে পোস্ট করা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একটা হিসাব বের করেছে। এ হিসাবে গত ২৩ মার্চ থেকে মৃতদেহ সৎকার শেষে উহানে শব বা মৃতদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে এসেছে প্রতিদিন।

এই হিসেবে ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে ৩ এপ্রিল পর্যন্ত ১২ দিনে উহানে ৪২ হাজার মানুষের মৃত্যুর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে বলা হয়, উহানে ৮৮টি চুল্লিতে দিন-রাত মৃতদেহ পোড়ানো হয়েছে। সেখানে ৪৮ হাজার ৮০০ মানুষকে পোড়ানো হয়েছে।

উহানের একজন বাসিন্দা ‘ওয়াশিংটন পোস্ট’কে জানান, সরকারি তথ্য মোটেও ঠিক নয়। কারণ শ্মশানের চুল্লিগুলো দিন-রাত লাশ পোড়ানোর কাজ করেছে। তাহলে কীভাবে নিশ্চিত করে বলা যায়, এত কম মানুষ মারা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গত বৃহস্পতিবার বলেছেন, চীন করোনাভাইরাস মহামারির তথ্য খোলামেলা ও স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র করোনায় মৃত মানুষের সংখ্যা নিয়ে লজ্জাজনক মন্তব্য করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত মানুষের তথ্য গোপন করছে। প্রকৃত অবস্থা আরও ভয়াবহ।