বিশ্বখ্যাত কোমলপানীয় উৎপাদক কোম্পানি পেপসিকোর ত্রৈমাসিক মুনাফা প্রত্যাশা ছাড়িয়েছে । উত্তর আমেরিকায় বর্ধিত মূল্যে সোডা ও হালকা খাবার বিক্রির সুবাদে এ মুনাফা করেছে কোম্পানিটি।
একই সঙ্গে ব্রিটিশ বটলার ব্রিটভিকে থাকা কোম্পানির মালিকানা বিক্রিও এ মুনাফায় অবদান রেখেছে।
চলতি বছরের ১৭ জুন পেপসিকোর দ্বিতীয় প্রান্তিক শেষ হয়েছে। এ প্রান্তিকে কোম্পানির উত্তর আমেরিকার কোমলপানীয়র ব্যবসার রাজস্ব ২ শতাংশ বেড়ে ৫২৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিক্রির পরিমাণ অপরিবর্তিত থাকলেও নিট মূল্য ১ শতাংশ বেড়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। কোমলপানীয় ব্যবসার পাশাপাশি উত্তর আমেরিকায় পেপসিকোর হালকা খাবারের ব্যবসা ফ্রিটো-লের রাজস্ব ৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে বিক্রির আকার ১ শতাংশ এবং নিট মূল্য ৩ শতাংশ বেড়েছে।
পেপসিকোর নিট আয়ের পরিমাণ বেড়ে ২১১ কোটি ডলার বা শেয়ারপ্রতি ১ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগে নিট আয় ছিল ২০১ কোটি ডলার বা শেয়ারপ্রতি ১ দশমিক ৩৮ ডলার। পণ্য বাদে কোম্পানির আয় দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ১ দশমিক ৫০ ডলার। এছাড়া রাজস্ব ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭১ কোটি ডলারে দাঁড়িয়েছে।
ফিজি ড্রিংকসের পতনশীল চাহিদার প্রভাব নিয়ে সতর্ক রয়েছে পেপসিকো ও কোম্পানিটির চিরপ্রতিদ্বন্দ্বী আরেক বিশ্বখ্যাত কোমলপানীয় উৎপাদক কোকো-কোলা। যার ফলে প্রতিষ্ঠান দুটি এখন উন্নত বাজারে ছোট, উচ্চতর মার্জিনসম্পন্ন প্যাক বিক্রির দিকে মনোযোগী হয়ে উঠেছে। একই সময় ছাড়কৃত বড় প্যাকের প্রচারণা থেকে নিজেদের সরিয়ে আনছে।
এদিকে চলতি বছরের মে মাসে ব্রিটিশ বটলার ব্রিটভিকে থাকা কোম্পানির ৪ দশমিক ৫ শতাংশ মালিকানা বিক্রির কথা জানায় পেপসিকো। অবশ্য সে সময় বিক্রির অর্থের পরিমাণের কথা প্রকাশ করা হয়নি।
