প্রথমবারের মতো বৈঠকে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
আজ বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে বৈঠক করছেন শীর্ষ দুই নেতা।
এর আগে বৈঠকে কোরিয়া উপ-দ্বীপের ‘পারমাণবিক সমস্যা’ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছিলো মস্কো।
রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পাবে। আর তাই কিম জং উনের জন্য এ সফর খুবই গুরুত্বপূর্ণ। তবে কিম চাইলেও রাশিয়া এখনই পিয়ংইয়ংয়ের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে সমর্থন দেবে না বলেই অনুমান বিশ্লেষকদের।
এদিকে বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছিলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা।
যদিও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকের অবস্থান ও সময় নিয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য, এর আগেও আরও একবার বসেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকটি করেছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল। বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০১১ সালে।

