নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য বলে ঘোষণা দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। তাঁকে অবিলম্বে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে।
শরিফ এবং তাঁর তিন সন্তানের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শরিফের পাশাপাশি মন্ত্রিত্বপদ খোয়াতে হবে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারকেও। শরিফের সঙ্গে ইশাকের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে সাংসদপদ থেকে ইস্তফা দিতে হবে শরিফের জামাই ক্যাপ্টেন মহম্মদ সফদারকেও।
শুক্রবার দুপুর বারোটার কিছু পরেই এই রায় শোনায় পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে আদালত চত্বরে উল্লাসে ফেটে পড়ে ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ। শরিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সেই দলের কর্মী সমর্থকরা। এই মামলায় সুপ্রিম কোর্ট যা রায় দেবে তাই মেনে নেবেন বলে জানিয়েছিলেন নওয়াজ শরিফ।
এই নিয়ে তৃতীয় বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও, তিন বারই নিজের সময়কাল শেষ করতে পারলেন না তিনি। প্রথম বার তিনি ১৯৯০-তে প্রধানমন্ত্রী হন, কিন্তু দুর্নীতির অভিযোগে তিন বছর পরেই তাঁকে সে পদ ছাড়তে হয়। দ্বিতীয় বার তিনি প্রধানমন্ত্রী হন ১৯৯৭-এ। কিন্তু ১৯৯৯-তে পারভেজ মুশারাফের নেতৃত্বে সামরিক অভ্যুথানের ফলে নিজের গদি খোয়ান তিনি। আগামী বছর তাঁর সময়কাল শেষ হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, পানামা তদন্তের মাধ্যমে শরিফের বিরুদ্ধে বিদেশে বেনামে সম্পত্তি কেনার অভিযোগ সামনে এসেছিল। বেশ কয়েকটি সংবাদগোষ্ঠী মিলে এই পানামা তদন্ত করেচিল। অভিযোগ, ১৯৯০ -এর দশকে লন্ডনে বেশ কিছু সম্পত্তি কেনার সময়ে আর্থিক তছরুপে জড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। ২০১৬ সালে জানা যায়, বেনামী বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে ওই সম্পত্তি কিনেছিলেন শরিফ। যে সংস্থাগুলির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছিল, তার মালিকানা ছিল পাক প্রধানমন্ত্রীর ছেলেমেয়ের হাতে।
