পচেফস্ট্রুম টেস্টেও টসে জিতেছিল বাংলাদেশ, এরপর ফিল্ডিং নেওয়া। তারপরের গল্পটা সবারই জানা। ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টেও টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা না নিয়ে ঠিক কি কারণে এবারো ফিল্ডিং নেওয়া হলো, তা হয়ত মুশফিকই বলতে পারবেন।
ভুলের প্রথম পর্ব শেষ, এরপরের পর্বটা বোলারদের। ঠিক যেন প্রথম টেস্টেরই পুনরাবৃত্তি। বল হাতে ব্যর্থ মুস্তাফিজ, রুবেলরা। এদিন চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ইনজুরির জন্য খেলেননি তামিম ইকবাল। তার পরিবর্তে ফেরেন সৌম্য সরকার। তাসকিনের পরিবর্তে রুবেল, শফিউলের পরিবর্তে শুভাশিস এবং মেহেদি হাসান মিরাজের জায়গায় নেওয়া হয় তাইজুল ইসলামকে।
কিন্তু এতগুলো পরিবর্তনেও কাজের কাজ কিছু হয়নি। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মারক্রাম ব্যাট হাতে ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশের বোলারদের উপর। পাল্লা দিয়ে রান করতে থাকে দুজন। রান রেট চারের উপর রেখে রান করতে থাকে দুই ওপেনার।
প্রথম টেস্টে তিন রানের জন্য সম্ভব হয়নি, এবার সে ভুলে না গিয়ে মারক্রাম তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই পথে আরেক ওপেনার ডিন এলগারও। বছর জুড়ে দুর্দান্ত খেলতে থাকা এলগারের ব্যাটে আরেক সেঞ্চুরি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা জুটিকে ভাঙতে মুশফিকের সব অস্ত্র বিফল।
অবশেষে শুভাশীষের বলে ভাঙে ২৪৩ রানের জুটি। মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার। এরপর দলীয় ২৭৬ রানে ১৪৩ করা মারক্রামকে বোল্ড করে ফেরান রুবেল। বাভুমা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তাঁকে আউট করেন শুভাশিস।
২৮৮ রানে ৩ উইকেটের পর অভিজ্ঞ হাশিম আমলা ও অধিনায়ক ফাফ ডু’প্লেসির জুটি আবারো মুশফিকের কপালে চিন্তার ভাঁজ তৈরি করে। তাদের শতরানেরও অধিক জুটি ভাঙতে ব্যর্থ মুস্তাফিজ, রুবেল, তাইজুলরা। ক্যারিয়ারে ২৮তম টেস্ট শতকের কাছে দাঁড়িয়ে দিন শেষ করেছেন আমলা। ওপর ব্যাটসম্যান ডু’প্লেসির ব্যাটেও অর্ধশতক। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্ৰহ তিন উইকেটে ৪২৮ রান।
উল্লেখ্য, মুস্তাফিজের বলে ক্যাচের সুযোগ না ছাড়লে স্কোর বোর্ডে আরো দুই উইকেট জমা হতে পারত।
সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪২৮/৩
(এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ৮৯*, বাভুমা ৭, ডু’প্লেসি ৬২*, শুভাশীষ ২/৮৫, রুবেল ১/৯১)
