প্লাটিনামের বাজারে মন্দাভাব



আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় প্লাটিনামের সরবরাহ বেশি রয়েছে। এর ওপর জার্মানিতে ডিজেলচালিত গাড়ি ব্যবহার নিষিদ্ধের সম্ভাবনায় মূল্যবান ধাতুটির চাহিদা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়টি প্লাটিনামের বাজারে বাড়তি চাপ তৈরি করেছে।
এর জের ধরে গতকাল প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (এনওয়াইএমইএক্স) গতকাল ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয় ৯৮৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয় ১ হাজার ৩৩ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কম।
মঙ্গলবার জার্মানির এক আদালতের রায়ে বলা হয়, দেশটির বিভিন্ন শহরে স্থানীয় কর্তৃপক্ষ চাইলে ব্যক্তিগত ডিজেলচালিত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে ডিজেলচালিত ট্রাক চলাচল আগের মতো অব্যাহত থাকবে।
এ রায়ের পর দেশটিতে ডিজেলচালিত গাড়ি ব্যবহার বহুলাংশে কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। জার্মানির সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্টের পরিচালক স্টিফান ব্রাতজেল বলেন, এ রায়ের মধ্য দিয়ে জার্মানি ডিজেলচালিত গাড়ি ব্যবহার নিষিদ্ধের পথে যাত্রা করল। এর মধ্য দিয়ে ইউরোপে ডিজেলচালিত ইঞ্জিনে ব্যবহারের জন্য প্লাটিনামের চাহিদা কমে যেতে পারে।