ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতেই মাঠের খেলা ঘরোয়া লিগ দিয়ে ফিরলেও কোপা ইতালিয়া টুর্নামেন্টের মাধ্যমে শুরু হয়েছে ইতালির ফুটবল।
শুক্রবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এসি মিলানের সঙ্গে গোল শূন্য ড্র করেও এওয়ে গোলের সুবাদে ফাইনালে চলে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। এবার জানা গেলো তুরিনের বুড়ির প্রতিপক্ষ কে?
দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। তবে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জয় থাকার সুবাদে ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেয়েছে নাপোলি।
ইন্টারের বিপক্ষে ম্যাচটিতে মাত্র দ্বিতীয় মিনিটেই ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে পিছিয়ে পড়েছিল নাপোলি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরান নাপোলির ড্রাইস মার্টেনস।
ইতালিয়ান ক্লাবটির হয়ে মার্টেনসের এটি ১২২তম গোল। যার সুবাদে তিনিই এখন নাপোলির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। মার্টেনস ছাড়িয়ে গেছেন ১২১ গোল করা মারেক হামসিককে।
আগামী ১৭ জুন রোমে কোপা ইতালিয়ার ফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস ও নাপোলি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

