আজ ১লা আগস্ট, ২০১৭ । রোজ মঙ্গলবার। ১৭ই শ্রাবন, ১৪২৪ বঙ্গাব্দ। হিজরী ১৪৩৮ সনের, ৮ই জিলকদ।
এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী:
মিউজিক টেলিভিশন বা জনপ্রিয় এমটিভি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কেন্দ্রিক একটি কেবল টেলিভিশন নেটওয়ার্ক, যার কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালের ১ আগস্ট। এই টেলিভিশন চ্যানেলটি তৈরির মূল উদ্দেশ্য ছিলো অন এয়ারে দিতে ইচ্ছুকদের মিউজিক ভিডিওগুলো প্রচার করা।
১৯৩৬ সালের এই দিনে এডলফ হিটলারের নেতৃত্বে বার্লিনে এগারোতম অলিম্পিকের উদ্বোধন করেন।
বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক দেশ। এর পূর্ব নাম ছিল দাহোমি। ১৯৬০ সালের ১লা আগস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৮ সালের এই দিনে পর্বতারোহণের ইতিহাসে সবচেয়ে খারাপ একক দুর্ঘটনায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা ‘কে টু’ তে আন্তর্জাতিক অভিযানের ১১ জন পর্বতারোহী মারা যায়।
আজকে যারা জন্মেছিলেন:
মেজর নাজমুল হক ১৯৩৮ সালের ১ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সাত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন।
রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে ১৯৪২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সক্রিয় ভূমিকা পালন করেন; এছাড়া ৬২’র শিক্ষা আন্দোলন ও ছয়দফায় গুরুত্বপৃর্ণ অবদান রেখেছিলেন।
জিওফ পুলার ১৯৩৫ সালের ল্যাঙ্কাশায়ারের সুইন্টনে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার ছিলেন।ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন বামহাতি ব্যাটসম্যান; এছাড়াও লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন।
অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় ছিলেন বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক। ১৮৮১ সালের এই দিনে তিনি জন্মেছিলেন কলকাতায়।
আজ যাদের হারিয়েছি:
আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।তিনি ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগের পর তিনি জেনেভায় বাংলাদেশের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি শেখ মুজিব তাঁকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। এই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতি খোন্দকার মুশতাকের মন্ত্রীসভাতেও অন্তর্ভুক্ত হয়েছিলেন। তিনি ১৯৮৭ সালের এই দিনে ইন্তেকাল করেন।
নীরদচন্দ্র চৌধুরী একজন খ্যাতনামা দীর্ঘজীবী বাঙালি মননশীল লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ। স্কলার এক্সট্রাঅর্ডিনারি শীর্ষক ম্যাক্স মুলার জীবনী লিখে ১৯৭৫ খ্রিষ্টাব্দে নীরদচন্দ্র চৌধুরী ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা হিসেবে সাহিত্য অকাদেমী পুরস্কার লাভ করেন। তিনি তাঁর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও তীর্যক প্রকাশভঙ্গীর জন্য বিশেষভাবে আলোচিত ছিলেন। ১৯৯৯ সালের এই দিনে পাড়ি জমান না ফেরার দেশে।
