আজ ১১ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার। ২৭ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। ১৭ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
১৭৮৬ সালে ক্যাপ্টেন ফ্রান্সিস লাইট মালয়েশিয়ায় পেনাঙে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন।
১৯৪২ সালে অভিনেত্রী হিডি লামার আর সুরকার জর্জ এন্টিলেল ফ্রিকোয়েন্সি-হপিং স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশন সিস্টেমের জন্য একটি পেটেন্ট পান যা পরবর্তীতে বেতার টেলিফোন এবং ওয়াই-ফাইয়ের আধুনিক প্রযুক্তির ভিত্তি হয়ে উঠে।
আজ যারা জন্মেছিলেন:
টম রিচার্ডসন ১৮৭০ সালের ১১ আগস্ট সারে এলাকায় বাইফ্লিটে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ফাস্ট বোলিং করতেন। ডানহাতে বোলিংয়ের পাশাপাশি নিচের সারিতে ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত ছিলেন। প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে দলের প্রতিনিধিত্ব করেন তিনি।
জিয়ানলুকা পেসোত্তো ১৯৭০ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন ইতালীয় ফুটবলার। তিনি বর্তমানে খেলা থেকে অবসর গ্রহণ করেছেন। ১৯৯৬-২০০২ সালের মধ্যে তিনি ইতালীয় জাতীয় ফুটবল দলের হয়ে ২২টি ম্যাচে খেলেছেন। তিনি রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন।
সালমা সোবহান ১৯৩৭ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার। তিনি একাধারে শিক্ষক, আইনবিদ, গবেষক, মানবাধিকারকর্মী, সমাজকর্মী, সর্বোপরি একজন মানবহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত।
আজ যাদের হারিয়েছি:
হুমায়ুন আজাদ ছিলেন একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, গল্পকার, সমালোচক, গবেষক, ভাষাবিজ্ঞানী, কিশোর সাহিত্যিক এবং রাজনীতিক ভাষ্যকার। তিনি বাংলাদেশের প্রধান প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক যিনি ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারবিরোধিতা, নিরাবরণ যৌনতা, নারীবাদ, রাজনৈতিক এবং নির্মম সমালোচনামূলক বক্তব্যের জন্য ১৯৮০’র দশক থেকে ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। গতানুগতিক চিন্তাধারা তিনি সচেতনভাবে পরিহার করতেন। তাঁর নারী (১৯৯২), দ্বিতীয় লিঙ্গ (২০০১) এবং পাক সার জমিন সাদ বাদ (২০০৪) গ্রন্থ তিনটি বিতর্কের ঝড়তোলে পরে। ২০০৪ সালের ১১ আগস্ট রাতে একটি পার্টি থেকে প্রত্যাবর্তনের পর আবাসস্থলে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন হুমায়ুন আজাদ।
অমলেন্দু দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক। তিনি স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর জন্ম তৎকালীন বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে। ১৯৫৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
কর্নেল (অবসরপ্রাপ্ত) শাফায়াত জামিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। ২০১২ সালের ১১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
