আজ ১৭ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ২ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ২৩ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
২০০৫ সালের এই দিনে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩ টি জেলার ৩০০ টি স্থানে সন্ত্রাসীরা একযোগে ৫০০ বোমা নিক্ষেপ করেছে।
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল খেলা। একই দিনে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে জার্মানির ব্রিটা স্টিফেন ২৪.০৬ সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক পান।
আজ যারা জন্মেছিলেন:
হাবিবুল বাশার সুমন জন্ম ১৯৭২ সালের ১৭ আগস্ট নাগকান্দা কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন। তার টেস্ট অভিষেক হয় ২০০০ সালে ভারতের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন টেস্ট ম্যাচে জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছে।
শবনম বাংলাদেশের একসময়ের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী। তিনি ১৯৪০ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন হিন্দু অভিনেত্রী হিসেবে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে বা ললিউডে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বা ঢালিউডে অভিনয় করে যাচ্ছেন। ঢাকায় জন্মগ্রহণকারী শবনম ঐ সময়ে অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম – উভয় অংশেই সমানভাবে জনপ্রিয় ছিলেন।
রবার্ট ডি নিরো জুনিয়র হলেন দুইবার একাডেমী পুরস্কার বিজয়ী একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৪৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তার প্রথম বড় ধরনের চরিত্রে অভিনয় করেন ব্যাং দ্যা ড্রাম স্লোলি (১৯৭৩) এবং মার্টিন স্করসেসের অপরাধমূলক সিনেমা মিন স্ট্রিট (১৯৭৩) নামক সিনেমায়। দ্যা গডফাদার (১৯৭২) সিনেমায় সনি কর্লিয়নে’র চরিত্রে তাকে ফিরিয়ে দেয়ার পর, ১৯৭৪ সালে নির্মিত দ্যা গডফাদার ২ চলচ্চিত্রে তাকে ভিটো কর্লিয়নে হিসেবে বেছে নেয়া হয়। তিনি সেই সিনেমায় সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে একাডেমি পুরষ্কার লাভ করেন।
আজ যাদের হারিয়েছি:
শামসুর রাহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। তিনি ২০০৬ সালের এই দিনে চলে যান না ফেরার দেশে।
আনোয়ার পারভেজ একজন বাংলাদেশী শীর্ষস্থানীয় সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতজ্ঞ ও শব্দসৈনিক। বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে তার সুরকৃত তিনটি গান “জয় বাংলা বাংলার জয়”, “একবার যেতে দে না” এবং “একতারা তুই দেশের কথা”৷ তার সুরারোপিত ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যে অনেক জনপ্রিয় ছিল৷ তিনি ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৭ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেন।
