ফিরে দেখা : ৩০ শে আগস্ট




আজ ৩০ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার। ১৫ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ৭ জিলহজ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ১৯৯১ সালের এই দিনে।
১৯৭৪ সালের এই দিনে টোকিওর মারুনোচীতে মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ সদর দফতরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে আটজন নিহত ও তিনশত আটাত্তর জন আহত হন। ১৯৭৫ সালের ১৯ মে জাপানী কর্তৃপক্ষ কর্তৃক আটজন বামপন্থী কর্মীকে গ্রেফতার করা হয়।
আজ যারা জন্মেছিলেন:
ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ ছিলেন একজন ডাচ জৈব রসায়নবিদ এবং রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ১৮৫২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি রাসায়নিক গতিবিদ্যা, অভিস্রবণ চাপ প্রভৃতি সংশ্লিষ্ট গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত।
আর্নেস্ট রাদারফোর্ড একজন নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। তিনি ১৮৭১ সালের ৩০ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি নিউক্লীয় পদার্থবিজ্ঞানের “জনক” হিসেবে খ্যাত। তিনি তাঁর বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষায় প্রমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রীণ থেকে রাদার্ফোর্ড বিক্ষেপণ আবিষ্কার করেন, যা পরবর্তীতে বোরের পরমাণু মডেল নির্মাণে সহায়ক হয়।
থিওডোর সভেডবার্গ একজন সুইডিশ রসায়নবিজ্ঞানী। তিনি ১৮৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার নামানুসারে অধঃক্ষেপণের মাত্রাকে সভেদবার্গ একক (সংকেত S, কিংবা Sv) বলা হয়।
আজ যাদের হারিয়েছি:
ভিলহেল্ম ভিন একজন জার্মান পদার্থবিদ যিনি ১৯১১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তাপগতিবিদ্যা বিষয়ে একটি যুগান্তকারী সূত্র প্রদান করেন যা ভিনের সূত্র নামে পরিচিত। তিনি ১৯২৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
আফম আহসানউদ্দীন চৌধুরী বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ২৭ই মার্চ, ১৯৮২ সালে সামরিক অভ্যূত্থানের তিন দিন পর তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
নাগিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। জীবদ্দশায় ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়েরা ট্রিলজি তাঁকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। এতে তিনি ইংরেজ শাসন থেকে মুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন । এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশীর চলচ্চিত্রায়ন হয়েছে। উপন্যাসের পাশাপাশি তিনি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। এগুলির বেশীর ভাগই পরে ইংরেজিতে অনুদিত হয়েছে। তিনি ২০০৬ সালের ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন।