ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩



ফেনীর দাগনভুঁঞা উপজেলার মাতুভুঁইয়া ইউনিয়নে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আরও একজন আহত হয়েছে।

শনিবার ভোরের দিকে উপজেলার উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।

গ্রামবাসীদের বরাতে জানা যায় শুক্রবার গভীর রাতে একাধিক বাড়িতে ডাকাতি হয়। একপর্যায়ে গ্রামবাসী প্রস্তুতি নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের পিটুনিতে চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।