ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম




আবার বেড়েছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্যটির দাম কেজিতে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন মৌসুমের পেঁয়াজ ওঠার আগে গত বছরের পণ্যের সরবরাহ শেষ হয়ে আমদানি নির্ভরতায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের মধ্যে বর্তমানে বাজারে শুধু নাসিক জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে নাসিক জাতের ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৮-৬০ টাকায়। এ জাতের মাঝারি মানের পেঁয়াজ কেজিপ্রতি ৫৬-৫৭ টাকা ও ছোট আকারের পেঁয়াজ ৫৫-৫৬ টাকা দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ভালো মানের নাসিক পেঁয়াজ ৫২-৫৩ টাকা এবং মাঝারি ও ছোট আকারের পেঁয়াজ ৪৮-৫০ বিক্রি হয়েছিল। সে হিসাবে গত এক সপ্তাহে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮ টাকা পর্যন্ত বেড়েছে।
গত বছর উৎপাদিত দেশীয় পেঁয়াজের সরবরাহ শেষ। নতুন মৌসুমের দেশীয় পেঁয়াজ বাজারে আসতে আরো এক মাস লাগবে। এ সময় বাজার পুরোপুরি আমদানিকৃত পেঁয়াজের ওপর নির্ভরশীল থাকবে। এমনিতে এক-দেড় মাস ধরে পণ্যটির দাম বাড়তির দিকে। দুই সপ্তাহ আগে পণ্যটির দাম কিছুটা কমেছিল। তবে গত তিন-চারদিন থেকে পণ্যটির দাম আবার বাড়তে শুরু করেছে।
এদিকে দীর্ঘদিন ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় গত দুই সপ্তাহে আমদানিকারকরা পণ্যটির আমদানি বাড়িয়েছিলেন। এতে পণ্যটির দাম কিছুটা কমে আসে। কিন্তু গত সপ্তাহ থেকে ভারতের বাজারে পেঁয়াজের দাম আবারো বাড়তে শুরু করে। এতে আমদানি কমে দেশীয় বাজারে পণ্যটির দাম আবার বেড়েছে।
সরজমিনে দেখা যায় খাতুনগঞ্জে দেশী পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। তাই বাজার পুরোপুরি আমদানিকৃত পেঁয়াজ, বিশেষ করে ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীল। এমনিতেই দেড়-দুই মাস ধরে ভারতের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সম্প্রতি ভারতীয় বাজারে পণ্যটির দাম বৃদ্ধির প্রভাবে দেশীয় বাজারেও দাম আরো একদফা বেড়েছে।
উল্লেখ্য, ভারতের রাজ্যগুলোয় মৌসুমভেদে পেঁয়াজ বিক্রি হয়। এতদিন নাসিক, হুগলি ও গুজরাটি পেঁয়াজ ছিল বাজারে। তবে বর্তমানে শুধু নাসিক জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে।