ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার




দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ছিল। মূলত আমদানি কমায় সে সময় পণ্যটির দাম বেড়েছিল। মাসের মাঝামাঝি এসে আমদানি কিছুটা বাড়লে পেঁয়াজের দাম তুলনামূলক কমে আসে। তবে মাসের শেষভাগে এসে পণ্যটির দাম ফের বেড়েছে।
গতকাল স্থানীয় পাইকারি বাজারে (ট্রাক সেল) ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ সাতদিনের ব্যবধানে সর্বোচ্চ ১০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা যায়। মৌসুম শেষে ভারতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার জের ধরে আমদানি কমাকে পণ্যটির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাধারণত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। তবে দুর্গাপূজা ও আশুরার ছুটির পর চলতি মাসের শুরুতে পণ্যটির আমদানি দৈনিক ১৫-২০ ট্রাকে নেমে আসে। মাঝে একদফা বাড়লেও এখন এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল এ স্থলবন্দর দিয়ে নয়টি ট্রাকে ১৮০ টন পেঁয়াজ আমদানি হয়। ৩ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ৩৯৪টি ট্রাকে মোট ৭ হাজার ৮৭৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সেপ্টেম্বরে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ৬৩৯টি ট্রাকে ১২ হাজার ৯৫৩ টন। অন্যদিকে আগস্টে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭৪১টি ট্রাকে ১৫ হাজার ৬৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দর দিয়ে ভারতের বেঙ্গালুরু, পাটনা, কানপুর, ইন্দোর, নাসিকসহ বেশ কয়েকটি জায়গায় থেকে পেঁয়াজ আমদানি হয়। তবে বর্তমানে শুধু বেঙ্গালুরু থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে আমদানি করা এসব পেঁয়াজ মানভেদে প্রতি কেজি ৪০-৪২ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পণ্যটি মানভেদে কেজিপ্রতি ৩০-৩৪ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, সাতদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ১০ টাকা বেড়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে দেশে উৎপাদিত পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
ভারতের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোয় মৌসুম শেষ পর্যায়ে রয়েছে। নতুন খরিফ মৌসুমের পেঁয়াজ সরবরাহ এখনো শুরু হয়নি। এ কারণে দেশটির পাটনা, বিহার, কানপুর, ইন্দোর, রাজস্থান, গুজরাট অঞ্চলের বাজারগুলোয় পণ্যটির সরবরাহ কমেছে। এর প্রভাবে একদিকে দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে, অন্যদিকে পণ্যটির রফতানিও কমেছে। ফলে কিছুদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের নাসিক ও বেঙ্গালুরু থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। বর্তমানে সরবরাহ সংকটের কারণে নাসিক থেকেও পণ্যটি আমদানি বন্ধ হয়ে গেছে। শুধু বেঙ্গালুরু থেকে পণ্যটি আমদানি অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে পণ্যটির দামে।