সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক আবারো নিম্নমুখী। দিনের শুরুতে কিছুটা চাঙ্গা ভাব থাকলেও শেষ পর্যন্ত কমে যায় সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে লেনদেনও কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৭ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৭৯০ দশমিক ২৯ পয়েন্টে। এদিকে ১০ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ২ হাজার ১৬৫ দশমিক ৯৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৪ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ১ হাজার ৩৫০ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৩৪৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৫৫ কোটি ২২ লাখ ১১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৯৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২১৮টির ও অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮০ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৮ দশমিক ৪১ পয়েন্টে নেমে গেছে। আর ১১১ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৭০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ২৫৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৮৬ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৩০৪ টাকা।
