ফের প্রধানমন্ত্রী পদে লড়বেন মাহাথির মোহাম্মদ



মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য আধুনিক মালয়েশিয়ার স্থপতি ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নাম ঘোষণা করেছে দেশটির বিরোধীদলীয় জোট।
এ উপলক্ষে আজ রোববার প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট।
এদিকে দেশটির বিরোধী দলের জনপ্রিয় নেতা আনওয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে বিতর্কিত। আর দল থেকে পদত্যাগ করা নিয়ে রাজাক সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরকে হুমকিও দিয়েছিলেন। এ কারণেই বিরোধীদলীয় জোট আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মাহাথিরকেই যোগ্য বিবেচনায় মনোনয়ন দিয়েছে। নির্বাচনে বিরোধী দল জিতলে মাহাথির হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী।
এ বিষয়ে, বিরোধীদলীয় জোটের সম্মেলনে দলের মহাসচিব সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির নির্বাচন করবেন। এ ছাড়া পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনওয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন। তার সময়েকালে পেট্রোনাস টুইন টাওয়ার্স নির্মিত হয়েছিল। সেটি বেশ কয়েকবছর বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। এছাড়া আধুনিক ও উন্নত মালয়েশিয়ার নির্মাণে দেশ ও দেশের বাইরে বেশ সম্মানের পাত্র মাহাথির মোহাম্মদ। মাহাথিরের ফিরে আসার খবরে তার ভক্তকুল আনন্দ প্রকাশ করেছে।
চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।