ফেসবুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে স্প্যানিশ একটি ভোক্তা গ্রুপ। স্পেনের ২ কোটি ৬০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করায় এমন উদ্যোগ নিয়েছে ওসিইউ নামের ওই ভোক্তা গ্রুপ।
ওসিইউয়ের পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলায় স্পেনের প্রত্যেক ভুক্তভোগী গ্রাহকের জন্য ২০০ ইউরো ক্ষতিপূরণ চাওয়া হবে। শুধু ক্যামব্রিজ অ্যানালিটিকা ডাটা শেয়ারিং কেলেঙ্কারির ভুক্তভোগী নয়, বরং ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠানটি বিশেষ উদ্দেশ্যে স্পেনের যেসব ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে, তাদের সবার পক্ষ থেকে মামলাটি করা হবে।
বিবৃতিতে ওসিইউ জানায়, আমরা বিশ্বাস করি, বিপুলসংখ্যক গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে ফেসবুক আইন লঙ্ঘন করেছে। কারণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং এসব তথ্য কী কাজে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে গ্রাহকদের অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি।
ক্যামব্রিজ অ্যানালিটিকা ডাটা কেলেঙ্কারির পর ফেসবুকের বিরুদ্ধে এরই মধ্যে ক্লাস অ্যাকশন মামলা করেছে পর্তুগাল, বেলজিয়াম ও ইতালির ভোক্তা অধিকার গ্রুপ। ওসিইউ এ তিন দেশের পাশাপাশি অন্যান্য ভোক্তা অধিকার গ্রুপের সমন্বয়ে মামলা পরিচালনা করবে।
ফেসবুকের তথ্যমতে, তাদের ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। ভুক্তভোগী এসব ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১১ লাখ যুক্তরাজ্যের ও বাকিদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক।
বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠানের কার্যক্রম ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ধরণের পরিস্থিতিতে ব্যবসায় বড় ধরনের ধসের কারণ দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে ক্যামব্রিজ অ্যানালিটিকা ও এর ব্রিটিশ মূল প্রতিষ্ঠান এসসিএল ইলেকশনস লিমিটেড কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।
