ফেসবুকে ফোন নম্বর দিয়ে সার্চ বাতিল




ফেসবুকে বন্ধুদের খুঁজতে সার্চ অপশন ব্যবহূত হয়। এ অপশনে ব্যক্তির নাম, মোবাইল নম্বর বা ই-মেইল দিয়ে অনুসন্ধান করে একই নামের অনেকের মধ্য থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে সহজে খুঁজে নেয়া যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ফেসবুক প্লাটফর্মে থাকা ফোন নম্বর ও ই-মেইল দিয়ে অনুসন্ধান করার সুবিধা কাজে লাগাচ্ছে একটি চক্র।
ফেসবুকের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে এমন তথ্যের সন্ধান মিলেছে। এ কারণে ফেসবুক থেকে ফোন নম্বর ও ই-মেইল দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে অনুসন্ধানের সুবিধা সরিয়ে নেয়া হয়েছে।
বিবৃতিতে ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক শেফার জানান, স্ক্যামার বা খারাপ চক্রের কিছু মানুষ এ উপায়ে অধিকাংশ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আসছে। এ কারণে এ ফিচার বন্ধ করে দেয়া হয়েছে।
ফেসবুক এর আগে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত করতে উৎসাহিত করত। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া এবং অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর পথ আরো সহজ হয়। প্রোফাইলে ফোন নম্বর দেখানো হবে কিনা তা ব্যবহারকারীরা ঠিক করে দিতে পারেন। কিন্তু ডিফল্ট ব্যবস্থা হচ্ছে, যে কেউ কারো ফোন নম্বর দিয়ে সার্চ করে তার প্রোফাইল বের করতে পারেন।
নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, ফেসবুকের এ ফিচার বিভিন্ন উপায়ে একজন প্রতারক অপব্যবহার করতে পারেন। ফোন নম্বর বা ব্যবহারকারীর প্রোফাইল থেকে পাওয়া তথ্য ব্যবহার করে একজন প্রতারক আক্রান্ত ব্যক্তিকে ফোন করে তাদের নাম ধরে ডাকতে পারেন। এমন ফোন দিয়ে প্রতারক নিজেকে ব্যাংক বা অন্য কোনো সংস্থার প্রতিনিধি হিসেবেও দাবি করতে পারেন।