ফেসবুক ও এর নিয়ন্ত্রিত সেবা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে ব্ল্যাকবেরি। কানাডাভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার ব্ল্যাকবেরি মেসেঞ্জারের ফিচার নকলের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে মামলাটি করেছে।
মামলার অভিযোগে বলা হয়, বিবাদী পক্ষ মেসেজিং অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যেখানে ব্ল্যাকবেরির উদ্ভাবন, বেশকিছু নিরাপত্তা ফিচার, ব্যবহারকারীর ইন্টারফেস ও উন্নত ফিচার নকল করা হয়েছে।
একসময় স্মার্টফোন বাজারে রমরমা ব্যবসা ছিল ব্ল্যাকবেরির। তবে বর্তমানে বাজার দখল হারিয়েছে প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরি স্বচালিত গাড়ির জন্য সাইবার নিরাপত্তা সফটওয়্যার বিক্রি শুরু করেছে। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন চেন পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের কৌশল নিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অর্থ আয় করতে চায়।
ব্ল্যাকবেরির এক মুখপাত্র সারাহ ম্যাককিনি বলেন, অংশীদারদের সম্পদ ও মেধাস্বত্ব রক্ষা করা প্রত্যেক সিইওর দায়িত্ব। তবে কারো বিরুদ্ধে মামলা দায়ের ব্ল্যাকবেরির মূল কৌশল নয় বলে তিনি দাবি করেছেন।
ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল পল গ্রেওয়াল জানান, তারা মামলায় লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে নকিয়া করপোরেশনের বিরুদ্ধে মামলা করে ব্ল্যাকবেরি। নকিয়ার বিরুদ্ধে থ্রিজি ও ফোরজি ওয়্যারলেস প্রযুক্তি সম্পর্কিত পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে ব্ল্যাকবেরি।
