ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, অ্যাকাউন্ট সুরক্ষিত ও পরিচয় শণাক্তকরণে সহায়তা করতে ব্যবহারকারীদের জন্য ফেসিয়াল রিকগনিশন ফিচার আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
গত শুক্রবার ফেসবুক জানায়, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় যারা দ্রুত ও সহজে অ্যাকাউন্টের মালিকানা যাচাই করতে চান তাদের জন্য আমরা নতুন একটি ফিচার পরীক্ষা করছি। গ্রাহক যে ডিভাইসগুলো থেকে এর আগে লগইন করেছেন শুধু সে ডিভাইসগুলোতেই এই ফিচারটি পাওয়া যাবে। অ্যাকাউন্ট মালিকরা যাতে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেন সে জন্য এটি তাদের আরেকটি পদক্ষেপ।
এছাড়া লকড অ্যাকাউন্ট পুনরুদ্ধারে গ্রাহককে সহায়তা করতে এর আগেও অনেক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর কয়েকজন বন্ধুর ছবি শণাক্ত করতে বলে এই সোশাল নেটওয়ার্ক জায়ান্ট। এর পাশাপাশি একটি ভিডিও চ্যাট ডিভাইসও আনছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। ডিভাইসটি নিয়ে ইতোমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে কিছু গ্রাহকের মধ্যে। তাদের ধারণা এর মাধ্যমে গ্রাহকের ওপর নজর রাখবে ফেইসবুক। ২০১৮ সালের মে মাসে এটি বাজারে আনার কথা রয়েছে।
