ফোরজির নামে প্রতারণা; সবচেয়ে বাজে অবস্থা বরিশালে



ফোরজি নিয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সভাপতি বলেছেন, বর্তমানে যে কোম্পানিগুলো গ্রাহকদের ফোরজি নেটওয়ার্ক সুবিধা দেয়ার কথা বলছেন বাস্তবিক অর্থে তা হচ্ছে সকল গ্রাহকদের সাথে নিছক প্রতারণা।

সম্প্রতি দেশের কয়েকটি শহরে ড্রাইভ টেস্ট চালিয়ে বিটিআরসি বলছে, ফোর-জি সেবায় সাত এমবিপিএস ডাউনলোড স্পিড পাবার কথা থাকলেও, বাস্তবে এর অর্ধেকও কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বরিশালে।

অনেকেই  জানান, শহরে ফোরজি পেলেও উপজেলা পর্যায়ে প্রায় কখনোই এই সেবা পাননা তারা।

২০১৮ সালে যখন ফোরজি মোবাইল নেটওয়ার্ক চালু হয়, তখন দেশের মোবাইল কোম্পানিগুলো বলেছিল, এই নেটওয়ার্কে গ্রাহকরা সুপার ফাস্ট ডাউনলোডিং, মিউজিক স্ট্রিমিং পাওয়া যাবে। সেই সাথে ফুল এইচডি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং সুবিধাও পাবেন।

এছাড়াও, ফোরজি নেটওয়ার্ক চালুর সময় সরকারি বিবৃতিতে বলা হয়েছিলো , হাইস্পিড ইন্টারনেট কানেকটিভিটির মাধ্যমে তরুণ প্রজন্মের একটি বড় অংশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বিটিআরসির নতুন রিপোর্ট বলছে, ঢাকার বাইরে কয়েকটি বড় শহরে যথাযথ ফোর-জি ইন্টারনেট সেবা দিতে পারছে না মোবাইল কোম্পানিগুলো, তখন প্রশ্ন উঠেছে গ্রাহক কি তাহলে প্রতারিত হচ্ছেন?

এ বিষয়েও, ক্যাবের সভাপতি বলছেন,  দেশের বড় মোবাইল কোম্পানিগুলোর ৬৪টি জেলাতেই ফোরজি সেবা পৌঁছে দেওয়ার কথা বলছে। কিন্তু সেই সেবা তারা দিতে পারছে না।