ফ্রান্সে এক বছরে ধূমপায়ী কমেছে দশ লাখ




বিশ্বজুড়ে যেখানে দিনে দিনে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে সেখানে ফ্রান্সে বইছে উল্টো হাওয়া। ফ্রান্সে প্রতিদিনই যত লোক ধূমপান করে তার সংখ্যা সাম্প্রতিক সময়ে যথেষ্ট পরিমাণ কমে গেছে। একটি জরিপ বলছে ২০১৬-১৭ সময়ে ধূমপান ছেড়েছে দশ লাখের মতো মানুষ।
সত্তর দশকে একটা সময় ছিলো তখন নামী দামী তারকাদের হরদম মুখে সিগারেট দেখা যেতো, কিন্তু এখন সময় পাল্টেছে? আর বিড়ি সিগারেট খাওয়ার এ প্রবণতা বেশি কমছে টিন এজার ও নিম্ন আয়ের মানুষদের মধ্যেই।
তবে ধূমপান কমার বিশেষ কারণ হিসেবে ওই জরিপেই উঠে এসেছে ধূমপান কমিয়ে আনতে নেয়া নানা পদক্ষেপগুলোই। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের প্যাকেজিং, তামাকের বিকল্প খুঁজে পাওয়া, দাম বাড়ানো ও প্রচারণার মতো বিষয়গুলোই এক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছে। এমনকি জাতীয় ভাবে পালিত হচ্ছে তামাক মুক্ত মাস।
জরিপ মতে ২০১৭ সালে ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষের ২৬ শতাংশই প্রতিদিন ধূমপান করেছে। অথচ এটি আগের বছর ছিলো ২৯ শতাংশের বেশি। এর ফলে ধূমপায়ীর সংখ্যা কমেছে প্রায় দশ লাখের মতো।
বিশ্বের প্রতি ১০টি মৃত্যুর একটি ধূমপানের কারণে ঘটে বলে এর আগে এক গবেষণায় উঠে এসেছিল। ২০১৫ সালে চালানো ওই গবেষণায় বলা হয়েছিল, বিশ্বের ১০০ কোটি মানুষ রয়েছেন, যারা প্রতিদিনই ধূমপান করেন।
এরপর ধূমপান প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেয় বিভিন্ন দেশের সরকার।