ফ্লাইওভারের উদ্বোধন, বৃহস্পতিবার মৌচাক এড়িয়ে চলার অনুরোধ




এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বুধবার দুপুরে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে থাকবেন। আমরা থাকব এই প্রান্তে। সেখানে একটা অনুষ্ঠান হবে। এ কারণে ওই রাস্তাটা বন্ধ থাকবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খুব জরুরি কাজ না থাকলে ওই এলাকার সড়ক ব্যবহার না করেন। যানজট এড়াতে তারা যেন বিকল্প রাস্তা ব্যবহার করেন।”
মেয়র বলেন, “শহরের বিভিন্ন স্থান থেকে নানা ব্যক্তি, সংগঠন অনুষ্ঠানে আসবেন। লোক সমাগম বেশি হওয়ার কারণে যানবাহন চলাচল কিছুটা বিঘ্ন হতে পরে। এ কারণে আমরা অনুরোধ করছি এ এলাকা এড়িয়ে চলতে।”
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে থাকবেন। আর পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণি, আওয়ামী লীগের নেতাকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন মৌচাক এলাকায় বানানো অনুষ্ঠান মঞ্চে।
২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এরপর কয়েক ধাপে ব্যয় বেড়ে তা ১ হাজার ১৩৫ কোটি টাকায় পৌঁছায়। ফ্লাইওভারটির নির্মাণ কাজ করা হয়েছে তিন ভাগে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত। এর মধ্যে প্রথম ধাপের অংশটি এবং তৃতীয় ধাপের একটি অংশ আগেই খুলে দেওয়া হয়েছিল। বাকি অংশে ২৬ অক্টোবর থেকে যানবাহন চলতে পারবে।
ঢাকার কেন্দ্রভাগে অন্যতম ব্যস্ত এবং চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় ছয় বছর ধরে এই নির্মাণকাজের জন্য দারুণ ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দা ও চলতি পথের যাত্রীদের। বেহাল রাস্তার কারণে মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকার বিপণি বিতান ও দোকানপাটের ব্যবসায়ীরা হয়েছেন ক্ষতির শিকার।
প্রতিদিন চলাচলের দুর্ভোগে পড়ে অনেকেই ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা নেওয়ায় স্থানীয় ভবনমালিকদেরও বিপাকে পড়তে হয়েছে। নির্মাণ কাজ শুরু করার পরপরই এ ফ্লাইওভারের নকশার ত্রুটি নিয়ে বিভিন্ন প্রতিবেদন আসে সংবাদমাধ্যমে, যার সুরাহা এখনও হয়নি।