বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও ৮ জন।
নিহত ওই দুই জন আপন ভাই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোশারফ হোসেন নামে এক যাত্রী মারা যান। এ ছাড়া আরও ৮ জন আহন হন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ নামে অপর এক জন মারা যান। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতল বাজার গ্রামে।
জানা গেছে, তারা রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। ধান কাটার জন্য বাড়ি ফিরেছিলেন তারা।
এ ঘটনায় শেরপুর পুলিশ ট্রাক ও বাসটি জব্দ করেছে।

