এবার মাল্টা চাষ হচ্ছে বগুড়ায়। জেলার ১২ উপজেলায় কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে চাষিরা মাল্টা চাষ শুরু করে দিয়েছেন। জেলার কৃষি বিভাগ বলছে, কয়েকটি বাগানের মাল্টা ফল ইতোমধ্যে পাওয়া গেছে। আগামী বছর থেকে স্থানীয়ভাবে চাষকৃত মাল্টা ভোক্তার হাতে পৌঁছানো যাবে। জেলায় এ পর্যন্ত প্রায় ১৫ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টি কালচার সেন্টারের উপপরিচালক আব্দুর রহিম জানান, ২০১৫ সাল থেকে জেলায় কিছু কিছু বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু হয়। জেলার মাটি ও আবহাওয়া ভাল বলে এ জেলার মাল্টার ফল মিষ্টি। দেশে যে সব মাল্টা পাওয়া যায় তা টক। কিন্তু বগুড়ার যে মাল্টা পাওয়া যাবে তা হবে মিষ্টি। জেলার ১২টি উপজেলায় মাল্টা চাষে আগ্রহী করে তুলতে বারী-১ জাতের মাল্টার চারা বিতরণ করা হয়েছে।
এদিকে সবুজ নীল লাল-এ তিন রংয়ের মিষ্টি কমলা উৎপাদন ও বেচাকেনায় খ্যাতি অর্জন করেছে বান্দরবানের উপজেলাগুলোতে। বিশেষ করে দুর্গম থানছি উপজেলায় এবারও বেশি উৎপাদিত হয়েছে স্থানীয়জাতের কমলা। থানছির পাহাড়ে পাহাড়ে কমলা বাগানে চলতি মৌসুমেও উৎপাদিত হয়েছে বিপুল রসালো কমলা।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো.আলতাফ হোসেন বলেন, প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকেই বিক্ষিপ্তভাবে স্থানীয় চাষীরা তাদের বাগানে উৎপাদিত রকমারী কমলা বিক্রি করে থাকেন। চলতি মৌসুমে প্রতিটি কমলার মুল্য চাষীরা পেয়েছেন ১০ থেকে ১২ টাকা হারে। তবে পাইকারী বাজারে বিক্রি একটু কম হলেও খুচরা মূল্য বেশি হওয়ায় চাষীরা খুশি।
জানা গেছে, ১৯৯৭ সাল থেকে বিপুল চাষীকে কমলা বাগান পরিচর্চা, উৎপাদান কৌশল, প্রশিক্ষণ, বাজারজাতকরণসহ বিভিন্ন কলা-কৌশল নিয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রসায়নিক সার প্রয়োগ ছাড়াই কেবল জৈব সার ব্যবহার করে কমলার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে বলেও তিনি জানান। কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা জানান, চলতি বছরে ১২শ’ হেক্টর জমিতে প্রায় ৩ হাজার ৬১৮ জন চাষী কমলার পাশাপাশি আম, কলা, লিচু, কাজু বাদামসহ রকমারী কৃষিপণ্য উৎপাদন করেছেন।
