বছরের প্রথম দিনে পাকিস্তানকে হুমকি দিলেন ট্রাম্প




বছরের প্রথম টুইটেই পাকিস্তানের তীব্র সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জঙ্গিদের আশ্রয় ও তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে ইসলামাবাদ।
দেশটির বিরুদ্ধে অর্থসহায়তা বন্ধের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইট বার্তায় অভিযোগ করেছেন, জঙ্গি দমনের নামে ১৫ বছর ধরে পাকিস্তান আমাদের থেকে ৩৩০০ কোটি ডলার নিয়ে গিয়েছে। অথচ বিনিময়ে ঝুড়ি-ঝুড়ি মিথ্যে বলা ছাড়া কিছুই করেনি।
আগামী দিনে হয়তো জঙ্গি-দমন খাতে আমেরিকার থেকে একটি ডলারও পাবে না পাকিস্তান টুইটে এমনই ইঙ্গিতও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ট্রাম্প বলেন, আফগানিস্তানে যে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি, অথচ তাদের জন্য ইসলামাবাদ অভায়াশ্রম গড়ে তুলেছে।
এদিকে ট্রাম্পের ঝাঁঝালো টুইটের পর-পরই মুখ খোলেন পাক বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ। বলেন, ‘‘ট্রাম্পের হুমকিতে আমাদের কিছু যায় আসে না। কাবুলে আমরা যে আর কিছু করতে পারব না, সেটা আগেই আমেরিকাকে জানিয়ে দিয়েছি। এ সব হুমকি আসলে আফগানিস্তানে হেরে যাওয়ার হতাশা।’’
তবে এ দিনই লস্কর, জামাতের মতো জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি কিছু ধর্মীয় সংগঠনের তহবিল সংগ্রহের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ট্রাম্পের কড়া মনোভাব দেখেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।