ঢাকার বনশ্রীতে গৃহকর্মী লাইলী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে খিলগাঁও থানায়। এ ঘটনায় গৃহকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন নিহত লাইলী আক্তারের (২৫) ভাশুর শহীদুল ইসলাম। সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে অপর মামলাটি করেছে পুলিশ।
শুক্রবার গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে স্থানীয়রা বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় স্থানীয়দের।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক মনসুর আহমেদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহীদুল হত্যামামলাটি করেন।
এতে বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন, তার স্ত্রী শাহনাজ ও বাসার দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ভাংচুর ও নাশকতার অভিযোগে খিলগাঁও থানার এসআই মনজুর রহমান বাদী হয়ে অন্য মামলাটি করেন বলে পুলিশ জানায়। মামলায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গতকাল বনশ্রীর ৪ নম্বর সড়কে একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লাইলীকে হত্যার অভিযোগ এনে তাঁর পরিবার ও এলাকার বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে হামলা চালায় এবং সড়কে গাড়ি ভাঙচুর করে। দফায় দফায় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
লাইলীর জা শাহনাজ পুলিশের কাছে অভিযোগ করেন, লাইলীকে হত্যা করা হয়েছে। গৃহকর্তা মইনুদ্দিন বলছেন, লাইলী বাসায় কাজ করতে আসার পর বাড়ির একটি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে দরজার ছিটকিনি ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাইলীকে পাওয়া যায়।
