আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
জানা গেছে ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এতে অন্তত ১৫ জেলায় বন্যা চলছে।
ইতোমধ্যে যমুনার পানি নেমে পদ্মার দু’টি পয়েন্টে বিপদসীমা পার করেছে। এতে মধ্যাঞ্চলের জেলা রাজবাড়ী, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিস্তৃত হয়েছে বন্যা।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সোমবার বৃষ্টি না হওয়ায় ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল বাড়ছে না। তাই বন্যা পরিস্থিতি আরও ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। তবে বাড়ছে গঙ্গা-পদ্মার পানি। ইতোমধ্যে মুন্সীগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে পদ্মা বিপদসীমা পার করেছে। আরও ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মানিকগঞ্জের আরিচায়ও যমুনা বিপদসীমার উপরে বইছে।
অপরদিকে মেঘনা অববাহিকা বা সিলেট থেকে কিশোরগঞ্জ পর্যন্ত নদনদীতে পানির সমতল হ্রাস পাচ্ছে। এটা আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ফলে দেশের পূর্বাঞ্চলে বা সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।
কিন্তু আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি একই রকম থাকবে। আর পরিস্থিতি অবনতি ঘটবে টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদুপর জেলায়।

