বর্ষায় রোহিঙ্গাদের দুর্যোগের ঝুঁকি




মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে রোহিঙ্গাদের দুর্যোগ আরো বাড়িয়ে দিচ্ছে বর্ষা। তাদের  ফেরত পাঠানোর প্রক্রিয়া আর তাদের প্রতিদিনের মৌলিক চাহিদাগুলো মেটানোর চ্যালেঞ্জ ছাপিয়ে মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে অতিবৃষ্টি, ঢল, ভূমিধস আর ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকি।
এছাড়া নতুন ক্যাম্পে সেভাবে রাস্তাঘাট তৈরি না হওয়ায় পিচ্ছিল পথে চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।
কক্সবাজারের টেকনাফের বালুখালি ক্যাম্পে বসবাসরত এক রোহিঙ্গা জানালেন, তার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। কোনো কোনো ঘরে ৮-৯ জন মানুষও থাকছে। এই বর্ষা তাদের কষ্ট বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভারি বৃষ্টি হলে পানি তো ঢুকছেই, ঘরগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামলে তাদের আশ্রয়ের জন্য অল্প সময়ের মধ্যে বিশাল এলাকাজুড়ে এই ক্যাম্প গড়ে ওঠে। পাহাড়ের উপরে, ধার ঘেঁষে ও নিচে মাটি ও গাছ কেটে তৈরি করা হয় ঝুপড়ি ঘর। কিন্তু যেভাবে পাহাড় কেটে এই ঘরগুলো তৈরি হয়েছে, তাতে আলগা মাটি বেরিয়ে আসছে। ইতোমধ্যে ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে। ঘরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আর ঘূর্ণিঝড় হলে এসব ঝুপড়ি ঘরের কী দশা হতে পারে, তা কল্পনা করা কঠিন নয়।
এদিকে ক্যাম্পগুলো সফর করে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, চলতি বর্ষায় এবং ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে প্রায় দুই লাখ রোহিঙ্গাকে এই ক্যাম্প থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।
পাহাড়ের গায়ে টয়লেট বানানো হয়েছে। টিউবওয়েল বসানো হয়েছে। এসব আলগা পানি পাহাড়ের গা বেয়ে মাটি হালকা করে দিচ্ছে।
এছাড়া পাহাড়ে যারা বাস করে তাদের পাহাড়ের বাস্তুবিদ্যা সম্পর্কে জ্ঞান আছে। কিন্তু রোহিঙ্গারা সমতলের মানুষ হওয়ায় তাদের এ বিষয়ে খুব একটা ধারণা নেই। তাই সমস্যা আরও বেড়েছে। সামনে মুষলধারে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।
তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জায়গারও অভাব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া অর্থের অভাবও একটা কারণ।
জাতিসংঘ মহাসচিব গত সপ্তাহে ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের বলেছিলেন, রোহিঙ্গাদের জন্য যে অর্থের প্রয়োজন তার মাত্র ২৬ শতাংশ পাওয়া গেছে।
মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর চার লাখের মতো মানুষ কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে আরও সাত লাখের বেশি রোহিঙ্গা।