খেলার সময় খুবই পরিচিত দৃশ্য বোলার বা ফিল্ডাররা বলে থুতু লাগিয়ে তা চকচকে করার জন্য হাত দিয়ে বা ট্রাউজারে ঘষছেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারতীয় ক্রিকেটারদের প্রতি নির্দেশনা এসেছে বলে থুতু দিয়ে তা পলিশ না করতে।
আজ ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলকে ভারতে এসে কারও সঙ্গে হাত না মেলানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিসিআইও ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছে। সেখানে ক্রিকেটারদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার নির্দেশনার পাশাপাশি ভক্তদের সঙ্গে সেলফি না তোলা, এমনকি হোটেলের বাইরে কোনো রেস্তোরাঁয় গিয়ে না খাওয়ার কথাও বলা হয়েছে। তবে এ নির্দেশনায় রীতিমতো বিপদে পড়ে গেছেন ভারতীয় বোলাররা।
বল চকচকে রেখে সুইং করাতে বল পলিশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্রিকেটের আবহমান কালেরই অংশ। কিন্তু থুতুর ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিও থেকে যায় এতে। আর করোনাভাইরাসের মতো ছোঁয়াচে রোগের সংক্রমণের অন্যতম উৎস তো এই থুতুই।
এ বিষয়ে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ব্যাপারটা নিয়ে নিজের দুশ্চিন্তার কথাই জানিয়েছেন, ‘এ মুহূর্তে স্বাস্থ্যঝুঁকি প্রবল। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু বল ঠিকঠাকমতো ঘষে চকচকে না করতে পারলে সুইং পাব কীভাবে? আমরা তো মার খেয়ে যাব।’

